সয়া ও স্তন ক্যানসারের ঝুঁকি: প্রকৃত সত্য কী?

সয়া-জাত খাবার স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায় কি না, তা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে। সম্প্রতি আমেরিকার ক্লেভল্যান্ড ক্লিনিকের বিশেষজ্ঞ ডা. এরিন রোয়েশ ও ডা. টিফানি ওঙ্গার তাঁদের গবেষণায় জানান, খাদ্যতালিকায় থাকা প্রাকৃতিক সয়া স্তন ক্যানসারের কারণ নয়। বরং সয়ায় থাকা ‘ফাইটোইস্ট্রোজেন’ শরীরের স্বাভাবিক ইস্ট্রোজেনের মতো ক্যানসার কোষের বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখে না। মানুষের ওপর করা ক্লিনিক্যাল ট্রায়ালে এর কোনো নেতিবাচক প্রমাণ মেলেনি।
গবেষকদের মতে, সয়ামিল্ক, টোফু বা এডামামের মতো প্রাকৃতিক খাবার নিরাপদ। তবে প্রক্রিয়াজাত সয়া সাপ্লিমেন্ট বা আইসোফ্লাভোনের উচ্চ মাত্রা শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। ল্যাবরেটরি পরীক্ষায় সয়া সাপ্লিমেন্টের কিছু ঝুঁকি দেখা গেলেও সাধারণ খাদ্যাভ্যাসে এর প্রভাব ভিন্ন। চিকিৎসকরা কৃত্রিম সাপ্লিমেন্টের বদলে সরাসরি সয়া-জাত প্রাকৃতিক খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন।
স্তন ক্যানসার প্রতিরোধে সয়া নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে জীবনযাত্রায় পরিবর্তনের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। নিয়মিত ব্যায়াম, সুষম আহার, ওজন নিয়ন্ত্রণ এবং ধূমপান বর্জনের মাধ্যমে এই রোগের ঝুঁকি কমানো সম্ভব। জিনগত কারণ বা বয়স নিয়ন্ত্রণে না থাকলেও, সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখলে ক্যানসারের আশঙ্কা অনেকটাই হ্রাস পায় বলে তাঁরা আশ্বস্ত করেছেন।