সম্পর্কের শেষ এত ভয়ংকর! স্ত্রীর গলা কেটে দেহ পিষে দিল স্বামী – বর্তমান নিউজ

কর্নাটকের কালাবুরগি জেলার আফজলপুর তালুকের বাল্লুরগি গ্রামে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্ত অক্ষয় তার স্ত্রী সানভিকে (২৮) গাড়ি থেকে নামিয়ে রাস্তার ওপর টেনে-হিঁচড়ে নিয়ে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কেটে দেয়। মহারাষ্ট্রের বাসিন্দা ওই তরুণীকে দিনের আলোতে এভাবে খুনের ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার সময় উপস্থিত পথচারীরা উদ্ধারে এগিয়ে না এসে মোবাইলে ভিডিও ধারণ করতে ব্যস্ত ছিলেন, যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্ত স্বামী অত্যন্ত নৃশংসভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই অমানবিক আচরণের ভিডিও ছড়িয়ে পড়ায় জনমানসে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
স্থানীয় পুলিশ সূত্রে খবর, মৃতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং আফজলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক। পুলিশ ঘাতকের সন্ধানে তল্লাশি শুরু করেছে এবং দ্রুত তাকে গ্রেফতারের আশ্বাস দিয়েছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।