সংসদে দাঁড়িয়ে এ কেমন আচরণ প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়ের

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চলা দেশের সর্বোচ্চ পীঠস্থান সংসদে যখন গম্ভীর আলোচনা চলে, তখন জন প্রতিনিধিদের এমন আচরণ কি কাম্য? সম্প্রতি বাজেট অধিবেশনে চন্দ্রশেখর আজাদের বক্তৃতার সময় পেছনের বেঞ্চে বসে তৃণমূল সাংসদ সৌগত রায় ও জুন মালিয়ার হাসি-মশকরা ও খুনসুটির দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, যাদের নিজেদের সমস্যা ও দাবিদাওয়া সংসদে পৌঁছে দেওয়ার জন্য নাগরিকরা ভোট দিয়ে পাঠান, তারা গুরুত্বপূর্ণ সময়ে এমন হালকা আচরণ করলে সাধারণের স্বার্থ রক্ষা হবে কীভাবে?
বিশেষ করে বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের মতো অভিজ্ঞ ব্যক্তির থেকে সংসদীয় গরিমা বজায় রাখার প্রত্যাশা থাকে সকলেরই। নবাগতদের পথ দেখানোর বদলে তার এই শিশুসুলভ আচরণ সংসদের ভাবমূর্তি ও বাংলার সংস্কৃতিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা সৌগতবাবুর সংসদ চত্বরে ধূমপানের ঘটনা নিয়ে চর্চা হলেও, এবারের এই ভিডিওটি জনমানসে নেতিবাচক প্রভাব ফেলছে। নাগরিক মহলের দাবি, সংসদের ভেতরে জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন, কারণ তাদের প্রতিটি পদক্ষেপ সরাসরি দেশের গণতান্ত্রিক কাঠামোর ওপর প্রভাব ফেলে।