সংখ্যালঘু মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্যে বিপাকে অর্জুন সিং এবার শ্রীঘরে যাওয়ার মুখে

বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল বারাকপুর শিল্পাঞ্চল। বিধায়ক রাজ চক্রবর্তীকে আক্রমণ করতে গিয়ে সংখ্যালঘু মহিলাদের সম্মানহানি ও কুরুচিকর অভিযোগ তোলায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার প্রতিবাদে আজ শনিবার টিটাগড় থানায় বিজেপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে দমদম-বারাকপুর সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।
বিক্ষোভকারীরা অর্জুন সিংয়ের কুশপুতুল দাহ করে এলাকায় একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করেন। সুলতানা বেগম ও নাজিমা বিবির মতো আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন যে, মহিলাদের অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ইতিপূর্বে একাধিক মামলায় আদালতের রক্ষাকবচ থাকলেও, নতুন এই আইনি জটিলতা ও গণবিক্ষোভ অর্জুন সিংয়ের রাজনৈতিক অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।