শ্রী শ্রী রামকৃষ্ণকে ‘স্বামী’ সম্বোধন প্রধানমন্ত্রীর, সাংস্কৃতিক অজ্ঞতার অভিযোগে সরব মমতা

শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম জন্মতিথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। প্রধানমন্ত্রী তাঁর পোস্টে রামকৃষ্ণ দেবকে ‘স্বামী রামকৃষ্ণ পরমহংস’ বলে উল্লেখ করে শ্রদ্ধা জানান। মোদী বলেন, আধ্যাত্মিক সাধনায় তাঁর অবদান মানব কল্যাণে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।
প্রধানমন্ত্রীর এই সম্বোধনের তীব্র প্রতিবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রধানমন্ত্রীর এই কাজকে বাংলার মহান ব্যক্তিত্বদের প্রতি ‘সাংস্কৃতিক অসংবেদনশীলতা’ ও ‘অজ্ঞতা’ বলে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, রামকৃষ্ণ দেব ভক্তদের কাছে সর্বদা ‘ঠাকুর’ হিসেবেই পূজিত ও পরিচিত, তাঁর নামের আগে ‘স্বামী’ উপাধি ব্যবহার অপ্রচলিত ও অনুপযুক্ত।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর এই বার্তার সমালোচনা করা হয়েছে। মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন আধুনিক ভারতের রূপকারদের ঐতিহ্য রক্ষায় যেন আরও সতর্কতা অবলম্বন করা হয়। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও প্রধানমন্ত্রীকে এই ভুল সংশোধন করার দাবি জানিয়েছেন। সব মিলিয়ে শ্রী রামকৃষ্ণের পরিচয় ও বাংলার ঐতিহ্য নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে বাগযুদ্ধ চরম আকার নিয়েছে।