শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের, শোকের ছায়া টলিউডে – বর্তমান নিউজ

ওড়িশার তালসারি বিচে ‘ভোলেবাবা পার করেগা’ ছবির শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। পরিচালক শুভাশিস মণ্ডলের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল ৫টা নাগাদ সমুদ্রের ধারে গোড়ালি সমান জলে দৃশ্যটির শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু শটের নির্ধারিত সীমানা ছাড়িয়ে আচমকাই গভীর সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকেন অভিনেতা। ইউনিটের সদস্যরা বারবার সতর্ক করা সত্ত্বেও তিনি থামেননি বলে দাবি করেছেন পরিচালক।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সমুদ্রের গভীরে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন রাহুল। সেই সময় সঙ্গে থাকা অভিনেত্রী শ্বেতার হাত ধরা থাকলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সাঁতার জানা কর্মীরা এবং উদ্ধারকারী বোট তৎক্ষণাৎ অভিনেতাকে পাড়ে ফিরিয়ে আনেন। প্রাথমিক অবস্থায় তাঁর জ্ঞান থাকলেও প্রচুর পরিমাণে লোনা জল খেয়ে ফেলায় শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এরপর তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
শুটিং সেটের এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা চলচ্চিত্র জগতে গভীর শোকের আবহ তৈরি করেছে। পরিচালক স্পষ্ট জানিয়েছেন যে, চিত্রনাট্যে সমুদ্রের অত গভীরে যাওয়ার কোনো নির্দেশ ছিল না। অভিনেতার এই আকস্মিক মৃত্যু নিয়ে টলিউডের অন্দরে নানা প্রশ্ন উঠলেও, গোটা ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে প্রোডাকশন টিম। বর্তমানে অভিনেতার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।