শিশুর অন্তর্বাস খোলা ধর্ষণের চেষ্টা নয়: হাইকোর্টের পর্যবেক্ষণ খারিজ সুপ্রিম কোর্টে

শিশুর অন্তর্বাস খোলা ধর্ষণের চেষ্টা নয়: হাইকোর্টের পর্যবেক্ষণ খারিজ সুপ্রিম কোর্টে

এলাহাবাদ হাইকোর্টের বিতর্কিত এক পর্যবেক্ষণ বাতিল করে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। ১১ বছরের শিশুর স্তন স্পর্শ করা বা পাজামার দড়ি খোলাকে ‘যৌন হেনস্থার প্রস্তুতি’ হিসেবে বর্ণনা করেছিল হাইকোর্ট। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই যুক্তি প্রত্যাখ্যান করে জানায়, বিচারব্যবস্থায় শুধুমাত্র আইনি যুক্তি নয়, মানবিক সংবেদনশীলতাও অপরিহার্য।

২০২৫ সালের এক মামলায় অভিযুক্তরা নাবালিকার ওপর চড়াও হলেও হাইকোর্ট অপরাধের গুরুত্ব কমিয়ে দিয়েছিল। সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে, পরিস্থিতির ভয়াবহতা বিচার না করলে ন্যায়বিচার সম্ভব নয়। হাইকোর্টের দেওয়া ওই নির্দেশ স্থগিত করে শীর্ষ আদালত পকসো আইনের সঠিক প্রয়োগের ওপর জোর দিয়েছে। বিচারকদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে বিশেষ গাইডলাইন তৈরির নির্দেশও দেওয়া হয়েছে।

যৌন অপরাধের মামলায় বিচারকদের আরও সংবেদনশীল করতে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমিকে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। তিন মাসের মধ্যে এই কমিটিকে সহজ ভাষায় নতুন নির্দেশিকা জমা দিতে হবে। দেশের ভাষাগত বৈচিত্র্য এবং ভুক্তভোগীদের মানসিক অবস্থা বিবেচনা করে আইনি প্রক্রিয়ায় মানবিকতা বজায় রাখার বিষয়ে কড়া বার্তা দিয়েছে সর্বোচ্চ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *