শিলাবৃষ্টিতে ভিজল তিলোত্তমা, দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস, জারি হলুদ সতর্কতা – বর্তমান নিউজ

শিলাবৃষ্টিতে ভিজল তিলোত্তমা, দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস, জারি হলুদ সতর্কতা – বর্তমান নিউজ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিকেল গড়াতেই ঝমঝমিয়ে নামল বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকে কড়া রোদের দাপট থাকলেও বিকেলের পর আবহাওয়া আমূল বদলে যায়। কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া ও মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির খবর পাওয়া গেছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ায় ভ্যাপসা গরমের অস্বস্তি কাটিয়ে এক ধাক্কায় পারদ নেমেছে অনেকটাই।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ রাত পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে শুক্রবার ২৭ মার্চ থেকে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে। দুই বঙ্গেই ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বিশেষ করে উত্তরবঙ্গের কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে।

আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার প্রায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২৮ মার্চ থেকে ঝড়ের গতিবেগ কিছুটা কমলেও আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। আপাতত বৃষ্টির জেরে তাপমাত্রার পতন সাধারণ মানুষকে সাময়িক স্বস্তি দিলেও, কৃষি ও জনজীবনে ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *