শিক্ষকের সাথে বাগ্বিতণ্ডা: ইন্দাসের বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ স্কুল কর্তৃপক্ষের

গত মঙ্গলবার ইন্দাসের কুশমুড়ি হাইস্কুলের অষ্টম শ্রেণির ক্লাসে বিনা অনুমতিতে প্রবেশ করে শিক্ষক গোলকবিহারী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ানোর অভিযোগ উঠেছে বিজেপি বিধায়ক নির্মলকুমার ধাড়ার বিরুদ্ধে। স্কুল কর্তৃপক্ষের দাবি, পড়ুয়াদের সামনেই শিক্ষককে অসম্মান করায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ভীতি সঞ্চার হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও শিক্ষার পরিবেশ রক্ষায় বিদ্যালয় পরিচালন সমিতি বিধায়কের বিরুদ্ধে ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। তৃণমূলের পক্ষ থেকে বিধায়কের এই আচরণকে ‘অনভিপ্রেত’ ও ‘শিক্ষক অবমাননা’ বলে কটাক্ষ করা হয়েছে। অন্যদিকে, নিজের অবস্থানে অনড় থেকে বিধায়ক নির্মলকুমার ধাড়া পাল্টা প্রশ্ন তুলেছেন যে, এলাকার বিধায়ক হিসেবে স্কুলের পঠনপাঠনের খোঁজ নেওয়া কি অপরাধ? তিনি স্পষ্ট জানিয়েছেন, জনস্বার্থে কাজ করলে সমালোচনা হবেই এবং আগামী নির্বাচনে মানুষই এর জবাব দেবেন।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমলেন্দু সরকার জানান, বিদ্যালয়ের স্বাভাবিক ছন্দ ও নিরাপত্তা নিশ্চিত করতেই তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন। বিধায়কের এমন আকস্মিক পরিদর্শনে ক্ষুব্ধ শিক্ষক মহলের একাংশও। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।