লেবাননে ইজরায়েলি হামলায় ঘরছাড়া ৪ লক্ষ শিশু: চরম সংকটে শৈশব – বর্তমান নিউজ

লেবাননে ইজরায়েলি হামলায় ঘরছাড়া ৪ লক্ষ শিশু: চরম সংকটে শৈশব – বর্তমান নিউজ

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইজরায়েলি সেনার লাগাতার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩ লক্ষ ৭০ হাজার শিশু বাস্তুচ্যুত হয়েছে। রাষ্ট্রসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সাম্প্রতিক রিপোর্টে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে। সংস্থাটির প্রতিনিধি মার্কোলুইগি করসি জানিয়েছেন, শুধুমাত্র গত মার্চ মাসেই ইজরায়েলি হামলায় ১২১ জন শিশু প্রাণ হারিয়েছে এবং ৩৯৯ জন জখম হয়েছে। যুদ্ধের এই বিধ্বংসী প্রভাবে শিশুদের মানসিক ও শারীরিক নিরাপত্তা এখন চরম ঝুঁকির মুখে।

দক্ষিণ লেবাননে ইজরায়েলি বাহিনীর স্থল অভিযান শুরুর নির্দেশের পর দেশটির প্রায় ১৪ শতাংশ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। রাজধানী বেইরুটসহ বিস্তীর্ণ এলাকায় তেলের আভিভের ক্রমাগত বোমাবর্ষণে এ পর্যন্ত প্রায় ৮ লক্ষ মানুষ বাস্তুচ্যুত। এই পরিবারগুলোর শিশুরা বর্তমানে অস্থায়ী আশ্রয়কেন্দ্র, স্কুল বা খোলা আকাশের নিচে তাঁবুতে দিন কাটাচ্ছে। ফলে তাদের খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষার মতো মৌলিক অধিকারগুলো মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে।

এই মানবিক সংকটের মধ্যেও হামলা থামানোর কোনো লক্ষণ দেখাচ্ছে না ইজরায়েল। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা বারবার যুদ্ধবিরতির আর্জি জানালেও তেল আভিভ তাতে কর্ণপাত করেনি। এমনকি সেখানে মোতায়েন রাষ্ট্রসংঘের শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বাস্তুচ্যুত বিপুল সংখ্যক মানুষের পুনর্বাসন এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এখন বিশ্ব সম্প্রদায়ের কাছে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *