রোষানল উপেক্ষা করে মাংস রপ্তানিতে রেকর্ড ভারতের, ৫ বছরে আয় বেড়েছে উল্লেখযোগ্য হারে – বর্তমান নিউজ

দেশে মাংস বিক্রি ও পরিবহণ নিয়ে কট্টরপন্থী সংগঠনগুলোর ক্রমাগত বিরোধিতা এবং নানা অপ্রীতিকর ঘটনা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে ভারতের মাংস রপ্তানি নতুন উচ্চতায় পৌঁছেছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে মাংস রপ্তানি ৩২২ কোটি ডলার থেকে বৃদ্ধি পেয়ে ৪১৬ কোটি ডলারে দাঁড়িয়েছে। সংসদে সিপিএম সাংসদ জন ব্রিটাসের এক প্রশ্নের জবাবে বাণিজ্য ও শিল্প মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জীতিন প্রসাদ এই পরিসংখ্যান তুলে ধরেন।
সরকারি হিসাব অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে ভারত ১০.৯৮ লক্ষ মেট্রিক টন মাংস রপ্তানি করলেও ২০২৪-২৫ সালে তা বেড়ে হয়েছে ১২.৭৪ লক্ষ মেট্রিক টন। এই রপ্তানির সিংহভাগই মহিষের মাংস, তবে ভেড়া, ছাগল ও পোল্ট্রি পণ্যেরও সামান্য অবদান রয়েছে। উল্লেখ্য যে, দেশে গোমাংস রপ্তানিতে কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে।
অভ্যন্তরীণ ক্ষেত্রে গোরক্ষক ও বিভিন্ন সংগঠনের সক্রিয়তায় যখন ব্যবসায়ীরা চাপের মুখে, তখন রপ্তানি বৃদ্ধি নিয়ে সরব হয়েছে বিরোধী শিবির। সরকারের এই অবস্থানকে ‘দ্বিমুখী’ বলে কটাক্ষ করেছেন অনেকে। এর মাঝেই একটি রিপোর্টে দাবি করা হয়েছে, দেশের শীর্ষস্থানীয় এক মাংস রপ্তানিকারক সংস্থা নির্বাচনি বন্ডের মাধ্যমে শাসকদলকে বড় অঙ্কের অনুদান প্রদান করেছে, যা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক দানা বেঁধেছে। ⏹