রেল পরিষেবা ব্যাহত: ২১ ফেব্রুয়ারি থেকে হাওড়া ডিভিশনে বাতিল একাধিক লোকাল

রেল পরিষেবা ব্যাহত: ২১ ফেব্রুয়ারি থেকে হাওড়া ডিভিশনে বাতিল একাধিক লোকাল

পরিকাঠামো উন্নয়ন ও বাঁশবেড়িয়া-ত্রিবেণী স্টেশনের মাঝে নতুন রোড ওভারব্রিজ নির্মাণের জেরে হাওড়া ডিভিশনে ট্রেন পরিষেবা ব্যাহত হতে চলেছে। পূর্ব রেলের বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চের মধ্যে নির্দিষ্ট চার দিন হাওড়া, ব্যান্ডেল ও কাটোয়া শাখায় প্রতিদিন চারটি করে লোকাল ট্রেন বাতিল থাকবে। মূলত ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মে পর্যন্ত ধাপে ধাপে ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাতিল ট্রেনের তালিকায় রয়েছে ৩৭৯২২ ও ৩৭৯১৭ হাওড়া-কাটোয়া লোকাল এবং ৩৭৭৪৬ ও ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল। এছাড়া ১৯ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ এবং এপ্রিলের শেষ সপ্তাহে বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল নির্ধারিত সময়ের ৫০ মিনিট পরে ছাড়বে এবং যাত্রাপথে প্রায় ৭০ মিনিট নিয়ন্ত্রিত হবে।

রেল সূত্রে খবর, প্রায় আড়াই মাস ধরে পর্যায়ক্রমে মোট ২৪ দিন এই কাজ চলবে। প্রতিদিন গড়ে তিন ঘণ্টা করে ব্লক নেওয়া হবে, যার ফলে ব্যান্ডেল-কাটোয়া শাখায় ট্রেন চলাচলে সরাসরি প্রভাব পড়বে। ২৯ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ৩৭৭৪১ ব্যান্ডেল-কাটোয়া লোকালও এক ঘণ্টা বিলম্বে যাত্রা শুরু করবে। যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ আগেভাগেই এই সংশোধিত তালিকা প্রকাশ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *