রেলে স্বস্তির সফর: রাত ১০টার পর ঘুমানোর বিশেষ নিয়ম

ভারতীয় রেলে নৈশভ্রমণকারী যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কঠোর নিয়ম জারি করা হয়েছে। রেলের নির্দেশিকা অনুযায়ী, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত স্লিপার বা এসি কোচের ঘুমন্ত যাত্রীদের টিকিট পরীক্ষার নামে টিটিই হয়রানি করতে পারবেন না। তবে রাত ১০টার পর ট্রেনে ওঠা যাত্রীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
শান্তি বজায় রাখতে রাত ১০টার পর ট্রেনে উচ্চস্বরে কথা বলা, লাউডস্পিকারে গান শোনা বা মোবাইলে জোরে কথা বলা নিষিদ্ধ। রেলওয়ে আইন অনুযায়ী এই নিয়ম লঙ্ঘন করলে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া, অগ্নিকাণ্ড রোধে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রেনের চার্জিং পয়েন্টগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
মাঝের বার্থের যাত্রীরা রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত তাদের আসন ব্যবহার করতে পারবেন, যা নিচের বার্থের যাত্রীরা বাধা দিতে পারবেন না। নির্ধারিত সময়ের বাইরে অর্থাৎ সকাল ৬টার পর মিডল বার্থটি অবশ্যই নামিয়ে রাখতে হবে। কোনো যাত্রী হয়রানির শিকার হলে রেলের হেল্পলাইন নম্বর ১৩৯-এ সরাসরি অভিযোগ জানাতে পারবেন।