রামনবমীর মিছিলে বিজেপি বিধায়কের শূন্যে গুলি, ওড়িশায় দায়ের হল মামলা – বর্তমান নিউজ

রামনবমীর মিছিলে বিজেপি বিধায়কের শূন্যে গুলি, ওড়িশায় দায়ের হল মামলা – বর্তমান নিউজ

ওড়িশার বলাঙ্গির জেলায় রামনবমীর শোভাযাত্রায় প্রকাশ্যে শূন্যে গুলি চালিয়ে চরম বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়ক নবীন জৈন। শুক্রবার টিটলাগড় এলাকায় আয়োজিত এই মিছিলে ক্ষমতাসীন দলের বিধায়ক হঠাৎই আগ্নেয়াস্ত্র বের করে ‘ব্ল্যাঙ্ক ফায়ার’ শুরু করেন। এই ঘটনায় উপস্থিত সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও ঘটনায় কেউ হতাহত হননি, তবে জনসমক্ষে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য বিভিন্ন মহলে বিধায়কের কড়া সমালোচনা শুরু হয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। বলাঙ্গিরের পুলিশ সুপার অভিলাষ জি-র নির্দেশে বিধায়কের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (পিএসও) প্রেমচাঁদ নাগকে ইতিপূর্বেই বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে বিধায়কের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

টিটিলাগড় থানা সূত্রে খবর, বিজেপি বিধায়ক নবীন জৈন এবং তাঁর নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অস্ত্র আইনের ২৫ ধারা ও ভারতীয় ন্যায় সংহিতার ১২৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও জননিরাপত্তা বিপন্ন করার অভিযোগে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট আগ্নেয়াস্ত্রটি নিয়ে আইনি যাচাই প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *