রামনবমীর মিছিলে তিলোত্তমায় যানজটের আশঙ্কা, ভোগান্তি এড়াতে সতর্ক করল ট্র্যাফিক পুলিশ – বর্তমান নিউজ

রামনবমীর মিছিলে তিলোত্তমায় যানজটের আশঙ্কা, ভোগান্তি এড়াতে সতর্ক করল ট্র্যাফিক পুলিশ – বর্তমান নিউজ

রামনবমী এবং নির্বাচনী প্রচারের জোড়া প্রভাবে আজ বৃহস্পতিবার কলকাতার রাজপথে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। সকালের দিকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উত্তর থেকে দক্ষিণ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রুটে মিছিলের কারণে যান চলাচল ব্যাহত হতে পারে। লালবাজার সূত্রে খবর, আজ শহরজুড়ে প্রায় ৬০ থেকে ৭০টি মিছিল বের হওয়ার কথা রয়েছে, যার ফলে সাধারণ যাত্রীদের হাতে সময় নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশি সূচি অনুযায়ী, দুপুর ১২টায় হেস্টিংস, দুপুর ২টো ৩০ মিনিটে বেহালা চৌরাস্তা ও বাগবাজার এবং বিকেল ৪টে নাগাদ বন্ডেল ব্রিজ এলাকা থেকে বড় মিছিল বের হবে। এছাড়া ভবানীপুর, খিদিরপুর ও বিটি রোডের চিড়িয়ামোড়ের মতো এলাকাগুলোতেও মিছিলের জেরে চাপের মুখে পড়তে পারে ট্র্যাফিক ব্যবস্থা। রাজনৈতিক কর্মসূচি ও ধর্মীয় শোভাযাত্রার কারণে বিশেষত মধ্য ও দক্ষিণ কলকাতার সংযোগকারী রাস্তাগুলোতে ভিড় বাড়ার সম্ভাবনা প্রবল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিটি মিছিলের নিরাপত্তায় থাকছেন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার। যানজট মোকাবিলায় ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে বিকল্প রুটের ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রয়োজনে রাস্তা ডাইভারশন করা হতে পারে। বিশৃঙ্খলা এড়াতে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ডেপুটি কমিশনারদের তত্ত্বাবধানে কড়া নজরদারির ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *