রান্নার গ্যাস বুকিংয়ে ৩৫ দিনের ‘ফতোয়া’ প্রত্যাহার কেন্দ্রের, বহাল থাকছে ২৫ দিনের নিয়ম – বর্তমান নিউজ

রান্নার গ্যাস বুকিংয়ের সময়সীমা নিয়ে নজিরবিহীন ডামাডোলের অবসান ঘটাল কেন্দ্র। মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি সিলিন্ডার ডেলিভারির পর পরবর্তী বুকিংয়ের জন্য ৩৫ দিনের ব্যবধান বাধ্যতামূলক করে নতুন নিয়ম চালুর নির্দেশ দিয়েছিল। তবে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার মুখে ২৪ ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে পিছু হঠল মোদি সরকার। বুধবার পেট্রলিয়াম মন্ত্রক ও পিআইবি-র পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, ৩৫ দিনের কোনো নতুন নিয়ম কার্যকর করা হয়নি, বরং আগের ২৫ দিনের ব্যবধানই বলবৎ থাকছে।
আকস্মিক এই ভোলবদলের দায় সরাসরি সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার ওপর চাপিয়েছে কেন্দ্র। সরকারি বিবৃতিতে দাবি করা হয়েছে, বুকিংয়ের জন্য দীর্ঘ অপেক্ষার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি নিছকই গুজব। সাধারণ মানুষকে ‘প্যানিক বুকিং’ না করার পরামর্শ দিয়ে জানানো হয়েছে যে, দেশে রান্নার গ্যাসের পর্যাপ্ত জোগান রয়েছে। বর্তমানে শহরের গ্রাহকরা ২৫ দিন এবং গ্রামীণ এলাকার গ্রাহকরা ৪৫ দিন অন্তর সিলিন্ডার বুক করতে পারবেন, যা আগে থেকেই কার্যকর ছিল।
সরকারের এই অবস্থানে ক্ষোভ উগরে দিয়েছেন গ্যাস ডিস্ট্রিবিউটররা। তাঁদের অভিযোগ, মঙ্গলবারই তেল সংস্থাগুলি সফটওয়্যারে পরিবর্তন এনে ৩৫ দিনের নিয়ম কার্যকর করেছিল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশিকা পাঠিয়েছিল। বুধবার সেই নির্দেশ মুছে ফেলে সরকার এখন ‘মিথ্যাচার’ করছে। অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটর্স ফেডারেশনের মতে, বারবার নিয়ম বদল গ্রাহকদের বিভ্রান্ত করছে এবং কৃত্রিম আতঙ্ক সৃষ্টি করছে। সরকারি এই দ্বিচারিতা নিয়ে বর্তমানে ডিস্ট্রিবিউটর মহলে তীব্র উত্তেজনা বিরাজ করছে।