রাজ্য সরকারের বিরুদ্ধে শাহের ৩৫ পাতার ‘জনগণের চার্জশিট’, বিঁধলেন অনুপ্রবেশ ও দুর্নীতি ইস্যুতে – বর্তমান নিউজ

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল সরকারের বিরুদ্ধে ৩৫ পাতার এক বিস্ফোরক ‘জনগণের চার্জশিট’ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই নথিতে গত ১৫ বছরের শাসনকালকে ‘অরাজকতা ও অপশাসনের আমল’ হিসেবে অভিহিত করে দুর্নীতি, কাটমানি এবং সিন্ডিকেট রাজের একগুচ্ছ অভিযোগ আনা হয়েছে। শাহ দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে ১৫ দিনের মধ্যে সীমান্ত সুরক্ষায় জমি বরাদ্দ করে অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, বর্তমানে পশ্চিমবঙ্গই বেআইনি অনুপ্রবেশের প্রধান রুট হয়ে দাঁড়িয়েছে, যা জাতীয় নিরাপত্তার জন্য চরম উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, রাজ্যে কর্মসংস্থান না থাকার মূল কারণ হলো দুর্নীতি ও অরাজকতা। পাশাপাশি, নির্বাচন কমিশনের স্বাভাবিক প্রক্রিয়ায় অফিসার বদলি হওয়ায় রামনবমীতে হিংসা কমেছে বলে তিনি উল্লেখ করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকার প্রশংসা করে তিনি রাজ্যে পরিবর্তনের ডাক দেন।
নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবিধানিক পদের মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি দিয়ে অমিত শাহ বলেন, এবারের ভোট হলো ভয়ভীতি থেকে মুক্তির লড়াই। তিনি আত্মবিশ্বাসের সাথে জানান, বাংলা, বিহার ও ওড়িশায় একই দলের সরকার গঠনের ঐতিহাসিক সম্ভাবনা তৈরি হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে জনগণের এই চার্জশিট প্রকাশের মাধ্যমে ভোটের আগে বঙ্গ রাজনীতির উত্তাপ এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়ে দিলেন এই কেন্দ্রীয় নেতা।