রাজ্যে ৮৩ বিডিও ও ১৫৩ পুলিশ আধিকারিক বদলি: কমিশনের সিদ্ধান্তে চাঞ্চল্য – বর্তমান নিউজ

নির্বাচন কমিশনের এক নজিরবিহীন সিদ্ধান্তে উত্তাল রাজ্য রাজনীতি। সম্প্রতি একলপ্তে রাজ্যের ৮৩টি ব্লকের বিডিও তথা সহকারী রিটার্নিং অফিসার (এআরও) এবং ১৫৩ জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে। এই তালিকায় আইসি, ওসি এবং ডিআইবি স্তরের আধিকারিকরা রয়েছেন। এর আগে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং একাধিক জেলাশাসককে সরিয়ে রাজ্য প্রশাসনের কাঠামোয় বড়সড় পরিবর্তন এনেছিল কমিশন।
বদলির এই তালিকায় বিশেষ গুরুত্ব পেয়েছে পূর্ব মেদিনীপুর, যেখানে নন্দীগ্রামের দুটি ব্লকসহ সর্বোচ্চ ১৪ জন বিডিওকে সরানো হয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ১১ জন এবং উত্তর ২৪ পরগনা, নদীয়া, বীরভূমসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও রদবদল করা হয়েছে। জঙ্গলমহলের তিন জেলা এবং মালদহ-মুর্শিদাবাদেও একাধিক আধিকারিককে বদলির নির্দেশ দেওয়া হয়েছে, যা প্রশাসনিক মহলে ব্যাপক শোরগোল ফেলেছে।
বিশেষজ্ঞদের মতে, আধিকারিকদের বদলি সংক্রান্ত মামলা বর্তমানে কলকাতা হাইকোর্টে বিচারাধীন এবং এর রায়দান স্থগিত রয়েছে। আদালতের সিদ্ধান্তের অপেক্ষা না করেই কমিশনের এই গণ-বদলি নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে নির্বাচন ঘোষণার পর নিজেদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে কমিশন এই পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশাসনিক এই রদবদল আসন্ন নির্বাচনে ঠিক কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার বিষয়।