রাজ্যজুড়ে দুর্যোগের ভ্রুকুটি: সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কালবৈশাখী ও শিলাবৃষ্টির সতর্কতা – বর্তমান নিউজ

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর সৃষ্ট নিম্নচাপ এবং বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর ফলে আগামী দুই দিন উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যেই রাজ্যজুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুর-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় ভ্যাপসা গরমের পর রাতে বৃষ্টি নামলেও আজ আকাশ মেঘলা থাকবে। শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার কথা জানানো হয়েছে।
রবিবারও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। প্রাকৃতিক এই বিপর্যয়ের জেরে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।