যোগী আদিত্যনাথের মায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য: বিহার থেকে গ্রেপ্তার ধর্মগুরু

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে মৌলানা আবদুল্লা সেলিম কাসমি নামের এক ধর্মগুরুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিহারের পূর্ণিয়া জেলা থেকে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (STF) তাকে আটক করে। গ্রেপ্তারের পর অভিযুক্তকে রাতেই উত্তরপ্রদেশের বাহরিচে নিয়ে আসা হয়।
পুলিশি জেরায় অভিযুক্ত মৌলানা নিজের অপরাধ স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। মঙ্গলবার তাকে স্থানীয় আদালতে পেশ করা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, ২০২৪ সালের মে মাসে ভাগলপুরের একটি সভায় তিনি ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন, যা সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র উত্তেজনা তৈরি হয়।
বিশ্ব হিন্দু পরিষদের নেতা অজিত প্রতাপ সিংয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছে প্রশাসন। সার্কেল অফিসার নারায়ণ দত্ত মিশ্র জানিয়েছেন, গত মাসের শুরুতে ভিডিওটি প্রকাশ্যে আসার পর হিন্দুত্ববাদী সংগঠনগুলো প্রতিবাদে সরব হয়েছিল। বর্তমানে অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া জারি রয়েছে।