যুবসাথীর ফর্ম ভরলেই কি মিলবে সুনিশ্চিত কর্মসংস্থান নাকি বাড়বে শুধুই অপেক্ষা

নিউজ ডেস্ক : বেকার ভাতা নিয়ে রাজ্যে নতুন করে শোরগোল শুরু হয়েছে। ফর্ম তোলা আর জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে সাধারণ যুবকদের মনে এখন একটাই প্রশ্ন, ১৫০০ টাকার এই প্রকল্পে কি আদেও দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ আছে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন, যুবশ্রী বা দুয়ারে সরকারের মতো এই নতুন প্রকল্পটিও কেবল ভোটের গিমিক ছাড়া আর কিছুই নয়। সাধারণ মানুষের পকেটে কয়েকটা টাকা দিলেই কি রাজ্যের বেকারত্ব ঘুচবে, নাকি স্থায়ী চাকরির দাবি আড়ালে চলে যাবে, তা নিয়েই এখন তীব্র বিতর্ক চলছে।
ডিজিটাল যুগে কেন সাধারণ মানুষকে রোদে পুড়ে লাইনে দাঁড়িয়ে অফলাইনে ফর্ম তুলতে হবে, সেই প্রশ্নও তুলেছেন শুভেন্দু। ২০১৩ সালের সেই ১৭ লক্ষ আবেদনকারীর বর্তমান অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে তিনি মনে করিয়ে দিয়েছেন যে, সরকারি ভাতার চেয়ে কর্মসংস্থানই এখন আসল প্রয়োজন। উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে এই ধরণের ক্যাম্প আয়োজন সাধারণ শিক্ষার্থীদের সমস্যায় ফেলবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। সাধারণ মানুষের আশঙ্কা, এই প্রকল্প কেবল রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে না তো?