যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালী পেরিয়ে ভারতের পথে আরও দুই বিশালাকায় এলপিজি ট্যাঙ্কার – বর্তমান নিউজ

পশ্চিম এশিয়ায় আমেরিকা ও ইজরায়েলের সাথে ইরানের সংঘাত এক মাসে পড়লেও ভারতের জন্য স্বস্তির খবর মিলেছে। রণকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকলেও ‘বন্ধু’ ভারতের জন্য তেহরান সমুদ্রপথ উন্মুক্ত রাখায় জ্বালানি সরবরাহ সচল রয়েছে। এই ধারাবাহিকতায় শনিবার ৯০ হাজার টনেরও বেশি এলপিজি নিয়ে ওমান উপসাগরের দিকে রওনা দিয়েছে ভারতীয় পতাকাবাহী দুটি শক্তিশালী ট্যাঙ্কার— ‘বিডব্লু ইএলএম’ এবং ‘বিডব্লু টিওয়াইআর’।
বর্তমানে ট্যাঙ্কার দুটি ঘণ্টায় প্রায় ২৭ কিলোমিটার গতিবেগে ওমান হয়ে দেশের দিকে অগ্রসর হচ্ছে। এর আগে শুক্রবার এলপিজি ট্যাঙ্কার ‘জগ বসন্ত’ সফলভাবে গুজরাত উপকূলে নোঙর করেছে। পাশাপাশি আমেরিকা থেকে আসা পণ্যবাহী জাহাজ এবং অভিমুখ পরিবর্তন করা একটি রুশ জাহাজও ভারতের বন্দরে পৌঁছেছে। কয়েক দিন আগেই হরমুজ পেরিয়ে ‘নন্দাদেবী’ ও ‘শিবালিক’ নামের দুটি ট্যাঙ্কার নিরাপদে দেশে ফেরায় জ্বালানি সংকটের আশঙ্কা অনেকটাই কেটেছে।
জাহাজ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, পারস্য উপসাগরে আটকে থাকা খালি জাহাজগুলোতে দ্রুত এলপিজি ভর্তির কাজ চলছে। হরমুজ প্রণালীর পশ্চিম প্রান্তেও আরও বেশ কিছু এলপিজি পরিবাহী জাহাজ ভারতের উদ্দেশ্যে যাত্রা করার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। যুদ্ধের আবহেও সমুদ্রপথে জ্বালানি আমদানির এই নিরবচ্ছিন্ন প্রক্রিয়া দেশের অভ্যন্তরীণ বাজারে এলপিজি-র জোগান স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।