যুক্তরাষ্ট্রে হনুমান মূর্তি নিয়ে রিপাবলিকান নেতার বিতর্কিত মন্তব্য, নিন্দায় সরব হিন্দু সমাজ

টেক্সাসের সুগার ল্যান্ডে অবস্থিত শ্রীঅষ্টলক্ষ্মী মন্দিরে স্থাপিত ৯০ ফুট উচ্চতার হনুমান মূর্তিকে কেন্দ্র করে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ‘স্ট্যাচু অফ ইউনিয়ন’ নামে পরিচিত এই বিশালাকায় মূর্তিকে ‘তৃতীয় বিশ্বের ভিনগ্রহের প্রাণী’ বলে অভিহিত করেছেন স্থানীয় রিপাবলিকান নেতা কার্লোস তুরসিওস। সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করে তিনি একে টেক্সাস ও আমেরিকার ওপর বহিরাগতদের ‘দখলদারি’ বলে দাবি করেন, যা হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে।
২০২৪ সালে উন্মোচিত পঞ্চধাতুর এই ‘অভয় হনুমান’ মূর্তিটি আমেরিকার তৃতীয় সর্বোচ্চ ভাস্কর্য। শ্রীচিন্নাজীয়ার স্বামীজির পরিকল্পনায় নির্মিত এই স্থাপনাটি শক্তি, ভক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত। তবে কট্টরপন্থী নেতার এমন অবমাননাকর মন্তব্যের পর বহু নেটিজেন একে বর্ণবিদ্বেষী ও বিভাজনমূলক বলে আখ্যা দিয়েছেন। তাঁরা মনে করিয়ে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের সংবিধান প্রতিটি নাগরিককে ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রদান করেছে।
সমালোচকদের মতে, টেক্সাসে হিন্দুদের উপস্থিতি কোনো হুমকি নয়, বরং এটি আমেরিকার বহুত্ববাদী সংস্কৃতির অংশ। এর আগেও রিপাবলিকান নেতারা হিন্দু দেবতাকে ‘ভুয়া’ বলে আক্রমণ করায় বিতর্ক দানা বেঁধেছিল। মন্দির কর্তৃপক্ষের মতে, এই মূর্তি কোনো সংঘাতের নয়, বরং আধ্যাত্মিক শান্তি ও ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের এক দৃশ্যমান প্রতিফলন। বর্তমানে এই ঘটনাটি আমেরিকার ধর্মীয় সহনশীলতা ও অভিবাসন নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।