মৌরিতানিয়ার বিরুদ্ধে ঘাম ঝরানো জয় আর্জেন্তিনার, হতাশ কোচ স্কালোনি – বর্তমান নিউজ

মৌরিতানিয়ার বিরুদ্ধে ঘাম ঝরানো জয় আর্জেন্তিনার, হতাশ কোচ স্কালোনি – বর্তমান নিউজ

ফিফা র‍্যাংকিংয়ে ১১৩ ধাপ পিছিয়ে থাকা মৌরিতানিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-১ ব্যবধানে কষ্টার্জিত জয় পেল আর্জেন্তিনা। বুয়েনস আইরেসে অনুষ্ঠিত এই ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে গোল করেন এনজো ফার্নান্ডেজ ও তরুণ উইঙ্গার নিকো পেজ। ম্যাচের ১৭ মিনিটে এনজো দলকে এগিয়ে দেওয়ার পর ৩২ মিনিটে ফ্রি-কিক থেকে ব্যবধান বাড়ান পেজ। তবে অনামী প্রতিপক্ষের বিরুদ্ধে এমন ছন্নছাড়া পারফরম্যান্সে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কোচ লায়োনেল স্কালোনি।

অধিনায়ক লিওনেল মেসিকে বেঞ্চে রেখে এদিন দল সাজিয়েছিলেন স্কালোনি। দ্বিতীয়ার্ধে মেসি মাঠে নামলে সমর্থকদের উন্মাদনা তুঙ্গে পৌঁছালেও আর্জেন্তিনার খেলায় মন্থরতা দেখা যায়। এই সুযোগে ম্যাচের অতিরিক্ত সময়ে মৌরিতানিয়ার পক্ষে জর্ডন লেফোর্ট ব্যবধান কমান। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বেশ কয়েকবার নিশ্চিত পতন না আটকালে ঘরের মাঠে বড়সড় অঘটনের মুখে পড়তে পারত নীল-সাদা ব্রিগেড।

দলের পারফরম্যান্সে হতাশ মার্তিনেজ স্পষ্ট জানান, এমন ফুটবল খেললে বড় টুর্নামেন্টে টিকে থাকা আসাম্ভব। কোচ স্কালোনিও স্বীকার করেছেন যে দল আশানুরূপ ফুটবল খেলতে ব্যর্থ হয়েছে। আগামী মঙ্গলবার জাম্বিয়ার বিরুদ্ধে পরবর্তী প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্তিনা। ভক্তদের আশা, সেই ম্যাচে নিজেদের চেনা ছন্দে ফিরবে বিশ্বজয়ীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *