মোদী ঝড়ে কাঁপবে উত্তরবঙ্গ আলিপুরদুয়ার নয়, ৫ এপ্রিল কোচবিহার থেকেই প্রচার শুরু প্রধানমন্ত্রীর – বর্তমান নিউজ

২০২৬-এর নির্বাচনী রণকৌশলে বড়সড় রদবদল ঘটিয়ে উত্তরবঙ্গ থেকেই প্রচারের শঙ্খনাদ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৫ এপ্রিল আলিপুরদুয়ারের পরিবর্তে কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা ময়দানে জনসভা করবেন তিনি। রাজবংশী ভোটব্যাঙ্ক ও উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ মাথায় রেখেই শেষ মুহূর্তে এই স্থান পরিবর্তন করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। মোদীর এই সফরকে কেন্দ্র করে ইতিমত্যেই কোচবিহারে সাজ সাজ রব পড়ে গিয়েছে।
কোচবিহারের জনসভা শেষ করেই ফিরছেন না প্রধানমন্ত্রী। এর ঠিক পাঁচ দিন পর, ১০ এপ্রিল শিলিগুড়িতে এক বিশাল রোড-শোয়ে অংশ নেবেন তিনি। দীর্ঘ কয়েক কিলোমিটার এই পদযাত্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছে গেরুয়া শিবির। শিলিগুড়ির এই কর্মসূচি উত্তরবঙ্গের প্রবেশদ্বারে বিজেপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থন ঝালিয়ে নেওয়ার একটি বড় মাধ্যম হয়ে উঠবে। এসপিজি ও স্থানীয় প্রশাসন ইতিমত্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চা বলয় ও পাহাড়ের রাজনীতিতে কোচবিহারকে কেন্দ্রবিন্দু করেই এগোতে চাইছে বিজেপি। আলিপুরদুয়ারের বদলে কোচবিহারকে বেছে নেওয়া আসলে গোটা উত্তরবঙ্গকে একটি শক্তিশালী বার্তা দেওয়ার কৌশল। ৫ এপ্রিল রাসমেলার মাঠের জনসভা এবং ১০ এপ্রিল শিলিগুড়ির রাজপথে মোদীর উপস্থিতি বাংলার নির্বাচনী পারদকে আরও বাড়িয়ে দেবে। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফর ঘিরে এখন টানটান উত্তেজনা তুঙ্গে।