মোদীকে ফোন করে যুদ্ধ থামানোর কড়া শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

মোদীকে ফোন করে যুদ্ধ থামানোর কড়া শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোন কথোপকথনে মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে বড় শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবারের এই আলাপে প্রেসিডেন্ট স্পষ্ট জানান, অঞ্চলে শান্তি ফেরাতে প্রথম শর্ত হলো আমেরিকা ও ইজরায়েলকে অবিলম্বে সামরিক আগ্রাসন বন্ধ করতে হবে। সেই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না, তার গ্যারান্টিও দাবি করেন তিনি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি নস্যাৎ করে পেজেশকিয়ান অভিযোগ করেন, ইজরায়েলই গাজা ও লেবাননসহ বিস্তীর্ণ অঞ্চলে অস্থিরতা ছড়াচ্ছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদী পারস্য উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি সাফ জানান, যুদ্ধ কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয়। হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষার গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে মোদী সব পক্ষকে দ্রুত শান্তির পথে ফেরার আহ্বান জানান। এই আলোচনায় পেজেশকিয়ান ব্রিকস রাষ্ট্রগোষ্ঠীকেও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় স্বাধীন ভূমিকা পালনের অনুরোধ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *