মালদায় প্রচারের উত্তাপ: জনসংযোগে আদিবাসী নৃত্য বনাম মতুয়া সংকীর্তন – বর্তমান নিউজ

মালদা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার ঘিরে রাজনৈতিক পারদ তুঙ্গে। ছুটির দিনে তৃণমূল ও বিজেপি প্রার্থীর অভিনব জনসংযোগের চিত্র ধরা পড়ল জেলার বিভিন্ন প্রান্তে। একদিকে আদিবাসী সংস্কৃতি, অন্যদিকে মতুয়া সম্প্রদায়ের ঐতিহ্যকে হাতিয়ার করে ভোটারদের মন জয়ের লড়াইয়ে নেমেছেন যুযুধান দুই শিবিরের প্রার্থীরা।
পুরাতন মালদা ব্লকের পাঁচপুকুর এলাকায় আদিবাসী মহিলাদের সঙ্গে ধামসা-মাদলের তালে পা মেলালেন তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। প্রচারের ফাঁকেই স্থানীয়দের অভাব-অভিযোগ শোনেন তিনি। প্রার্থীর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই অঞ্চলে প্রকৃত উন্নয়ন হয়েছে, যার সুফল মানুষ পাচ্ছেন। পালটা বিজেপি বিধায়ক ও সাংসদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তিনি।
অন্যদিকে, পিছিয়ে নেই বিজেপিও। যাত্রাডাঙ্গা অঞ্চলের রাণীরগড়ে মতুয়া সম্প্রদায়ের সঙ্গে সংকীর্তনে সামিল হন বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে তিনি তৃণমূলের বিরুদ্ধে অনুন্নয়নের তোপ দাগেন। দুই শিবিরের এই সাংস্কৃতিক জনসংযোগকে কেন্দ্র করে সরগরম মালদার রাজনৈতিক ময়দান।