মালদহ সীমান্তে অনুপ্রবেশ আতঙ্ক: ৩৮ কিমি কাঁটাতারহীন এলাকা ঘিরে বাড়ছে উদ্বেগ

বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে জামাত-ই-ইসলামির সাফল্যের পর মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তে তীব্র উদ্বেগ ছড়িয়েছে। বিশেষ করে ওপার বাংলার চাঁপাইনবাবগঞ্জে কট্টরপন্থী শক্তির উত্থানে অনুপ্রবেশের আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গোয়েন্দা সূত্রের খবর, রাজনৈতিক অস্থিরতার সুযোগে সীমান্ত এলাকায় নাশকতামূলক ও অবৈধ কার্যকলাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
মালদহ জেলার ১৭২ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে প্রায় ৩৮ কিলোমিটার এলাকা এখনও কাঁটাতারহীন। জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় হবিবপুর, বৈষ্ণবনগর ও ওল্ড মালদহ ব্লকের বিস্তীর্ণ অংশ অরক্ষিত অবস্থায় পড়ে আছে। সম্প্রতি হবিবপুর এলাকা থেকে ১৫ জন বাংলাদেশিকে গ্রেফতারের ঘটনা গ্রামবাসীর মনে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।
সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দারা দ্রুত ফেন্সিং সম্পূর্ণ করার দাবিতে কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। রাজনৈতিক চাপানউতোর চললেও, সাধারণ মানুষের দাবি—শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করতে বিতর্ক সরিয়ে দ্রুত কাঁটাতার বসানো হোক। স্থানীয়রা জানান, সুরক্ষার স্বার্থে প্রয়োজনে তারা জমিও ছেড়ে দিতে প্রস্তুত।