মালদহ সীমান্তে অনুপ্রবেশ আতঙ্ক: ৩৮ কিমি কাঁটাতারহীন এলাকা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের সাধারণ নির্বাচনে জামাত-ই-ইসলামির সাফল্যের পর মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ওপারের চাঁপাইনবাবগঞ্জে জামাত সমর্থিত প্রার্থীদের জয়ে সীমান্তবর্তী গ্রামগুলোতে কট্টরপন্থী কার্যকলাপ ও অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার স্বার্থে দ্রুত সীমান্ত সুরক্ষার দাবি জানিয়েছেন।
মালদহ জেলার ১৭২ কিলোমিটার সীমান্তের মধ্যে প্রায় ৩৮ কিলোমিটার এলাকা এখনও কাঁটাতারহীন। জমি অধিগ্রহণ জটিলতায় হবিবপুর, বৈষ্ণবনগর ও ওল্ড মালদহ ব্লকের বিস্তীর্ণ অংশ অরক্ষিত থাকায় আতঙ্কিত গ্রামবাসী। সম্প্রতি হবিবপুর এলাকা থেকে ১৫ জন বাংলাদেশিকে গ্রেফতারের ঘটনা এই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
সীমান্তবর্তী ডাল্লা ও ভূতডাঙার মতো গ্রামের বাসিন্দারা রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে দ্রুত ফেন্সিং নির্মাণের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। শান্তি বজায় রাখতে এবং অনুপ্রবেশ রুখতে অবিলম্বে কাঁটাতার বসানোর দাবিতে সরব হয়েছেন তারা।