মালদহে আমের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে সংশয় ভোটের মুখে আমজনতার মুখে এখন একটাই দাবি, ‘চাই প্রক্রিয়াকরণ শিল্প’ – বর্তমান নিউজ

মালদহে আমের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে সংশয় ভোটের মুখে আমজনতার মুখে এখন একটাই দাবি, ‘চাই প্রক্রিয়াকরণ শিল্প’ – বর্তমান নিউজ

নির্বাচনী উত্তাপে সরগরম আমের জেলা মালদহ। মরশুমের শুরুতেই ভোট আসায় চাষি থেকে সাধারণ মানুষের মধ্যে আম চাষের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। দীর্ঘকাল ধরে ফজলি, হিমসাগর কিংবা ল্যাংড়া আমের জন্য এই জেলা জগদ্বিখ্যাত হলেও আজ পর্যন্ত এখানে কোনো বৃহৎ আম প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠেনি। ফলে আমসত্ত্ব ও আচারের মতো পণ্যের বিশ্বজুড়ে চাহিদা থাকা সত্ত্বেও নায্য লাভের আশায় দিন গুনছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

রাজনৈতিক দলগুলোর ইস্তাহারে আম নিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। বাম আমলে তৈরি হওয়া ফুডপার্ক থেকে শুরু করে পরবর্তী সময়ে নির্মিত প্যাক হাউস— সবই আজ বেহাল ও আগাছায় ঢাকা। মালদহের বাগান মালিকদের অভিযোগ, সংরক্ষণের জন্য হিমঘর বা বড় কোনো শিল্পোদ্যোগ না থাকায় বাধ্য হয়ে অনেকেই বিঘার পর বিঘা আম বাগান কেটে বসতভিটা তৈরি করছেন। এতে জেলার ঐতিহ্যবাহী আম চাষ বড় সংকটের মুখে পড়েছে।

ভোটের লড়াইয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল ও বাম প্রার্থীরা আম শিল্পায়নের দাবি তুললেও চাষিদের সংশয় কাটছে না। বিজেপি যেখানে ক্ষমতায় এলে দ্রুত শিল্প গড়ার কথা বলছে, সেখানে বাম ও তৃণমূল প্রার্থীরাও সংরক্ষণের আধুনিক ব্যবস্থার আশ্বাস দিচ্ছেন। তবে এই রাজনৈতিক প্রতিশ্রুতির ভিড়ে শেষ পর্যন্ত আম চাষিদের ভাগ্যোন্নয়ন হবে কি না, তা নিয়ে সন্দিহান জেলার সাধারণ ভোটাররা। তাদের দাবি, এবার শুধু ইস্তাহার নয়, আম নিয়ে চাই বাস্তবমুখী পদক্ষেপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *