মার্চের শুরুতেই রাজ্যে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে ক্রমাগত অশান্তির জেরে কড়া পদক্ষেপ নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই প্রেক্ষিতে ভোট ঘোষণার আগেই স্পর্শকাতর এলাকাগুলোতে কড়া নজরদারি চালাতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে কমিশন।
পরিস্থিতি পর্যালোচনায় বিশেষ পর্যবেক্ষক এন. কে. মিশ্রের থেকে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। সূত্রের খবর, মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে অন্তত ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। এসআইআর শুনানির সময় পুলিশের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টের অসন্তোষ এবং ডিজিপি-র শো-কজ হওয়ার ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে কমিশন, যার ফলে এবার বাহিনীর সংখ্যা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল নির্ধারিত সময়ে ভোটার তালিকা প্রকাশ নিয়ে সংশয় প্রকাশ করলেও, কমিশন দ্রুত ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে আগ্রহী। সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী, মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। বিগত নির্বাচনগুলোর তুলনায় এবার আরও বেশি নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য।