মার্চেই ব্রিগেডে মোদীর মেগা সভা এবং দোল মিটলেই রাজ্যজুড়ে বিজেপির রথযাত্রা শুরু
February 15, 2026

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মার্চ মাসে ব্রিগেডে বিশাল জনসভার প্রস্তুতি নিচ্ছে বিজেপি, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সল্টলেকের কোর কমিটির বৈঠকে এই রণকৌশল চূড়ান্ত করেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব ও রাজ্য নেতৃত্ব। লোকসভা ভোটের সাফল্যের ধারা বজায় রাখতে পরীক্ষার মরশুম শেষ হতেই মেগা প্রচারে নামছে গেরুয়া শিবির।
নির্বাচনী বৈতরণী পার হতে দোলযাত্রার পরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জোন থেকে রথযাত্রা বের করা হবে, যা শেষ হবে ব্রিগেডে। পাশাপাশি, চলতি মাসের মধ্যেই প্রতিটি আসনের জন্য সম্ভাব্য তিনজনের নাম দিল্লিতে পাঠানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির সমীক্ষা ও জেলা স্তরের রিপোর্টের ভিত্তিতে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই দফায় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি নেতৃত্ব।