মার্কিন পদক্ষেপে স্বস্তি: ১,৩৭০ পয়েন্ট লাফিয়ে ঘুরে দাঁড়াল সেনসেক্স – বর্তমান নিউজ

মার্কিন পদক্ষেপে স্বস্তি: ১,৩৭০ পয়েন্ট লাফিয়ে ঘুরে দাঁড়াল সেনসেক্স – বর্তমান নিউজ

ইরানের বিদ্যুৎ পরিকাঠামোয় হামলা স্থগিত রাখার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পরই প্রাণ ফিরল ভারতীয় শেয়ার বাজারে। মঙ্গলবার বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) উভয়েই প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেনসেক্স ১.৮৯ শতাংশ বা ১,৩৭২.০৬ পয়েন্ট বেড়ে ৭৪,০৬৮.৪৫-এ থিতু হয়। অন্যদিকে, নিফটি ১.৭৮ শতাংশ বা ৩৯৯.৭৫ পয়েন্ট লাফিয়ে ২২,৯১২.৪০-তে লেনদেন শেষ করেছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা হ্রাসের সম্ভাবনায় লগ্নিকারীদের আত্মবিশ্বাস বেড়েছে। লাইভলং ওয়েলথের কর্তা হরিপ্রসাদ কে জানান, ভূ-রাজনৈতিক অস্থিরতা কিছুটা কমায় দালাল স্ট্রিটে স্বস্তি ফিরেছে। তবে লগ্নিকারীরা এখনও ভবিষ্যতের পরিস্থিতি নিয়ে কিছুটা সতর্ক অবস্থানে রয়েছেন এবং বাজারের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখছেন।

সূচকের এই ঊর্ধ্বগতির মধ্যেও অশোধিত তেলের চড়া দাম ভাবাচ্ছে বিনিয়োগকারীদের। ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেল প্রতি ১.৯৬ শতাংশ বেড়ে ১০১.৯ ডলারে পৌঁছেছে। তেলের এই মূল্যবৃদ্ধি এবং ভূ-রাজনৈতিক ধোঁয়াশা পুরোপুরি না কাটায় বাজারে কিছুটা অস্থিরতার আশঙ্কা এখনও রয়ে গেছে। পরিস্থিতির উন্নতির অপেক্ষায় আপাতত পর্যবেক্ষণ চালাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *