মাঠে নামার আগেই ভারতীয় শিবিরে বড় ধাক্কা, অনিশ্চিত অভিষেকের সার্ভিস?

নিউজ ডেস্ক : পেটের সমস্যায় হাসপাতালে ভর্তি হওয়া অভিষেক শর্মা শেষমেশ বুধবার ছাড়া পেয়েছেন। তবে নামিবিয়ার বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচে তাঁর মাঠে নামা নিয়ে ধোঁয়াশা কাটছে না। সতীর্থ তিলক বর্মা জানিয়েছেন, অভিষেকের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ম্যাচের সকালেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। টপ অর্ডার এই বিধ্বংসী ব্যাটার খেলতে না পারলে সঞ্জু স্যামসনকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। সমর্থকদের উৎকণ্ঠা বাড়িয়ে জসপ্রীত বুমরাহর সার্ভিস পাওয়া নিয়েও এখনও নিশ্চিত কোনো খবর মেলেনি।
অন্যদিকে, পাকিস্তানের বিরুদ্ধে মহাযুদ্ধের জন্য ভারতীয় শিবিরে উত্তেজনার পারদ তুঙ্গে। তিলক বর্মার মতে, দলের সবাই এই ঐতিহাসিক লড়াইয়ের অপেক্ষায় মুখিয়ে আছেন। ব্যক্তিগতভাবে তিন নম্বরে ব্যাটিং উপভোগ করলেও দলের প্রয়োজনে যে কোনো পজিশনে নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত তিনি। সুপার এইট নিয়ে এখনই আকাশকুসুম না ভেবে ভারত প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাইছে। বিশ্বমঞ্চে ছোট দলগুলোও বিপজ্জনক হতে পারে, তাই জয়ের ছন্দ বজায় রাখাই এখন টিম ইন্ডিয়ার প্রধান লক্ষ্য।