মহিলা সংরক্ষণ আইন কার্যকর করতে সর্বদলীয় বৈঠকের দাবি বিরোধীদের – বর্তমান নিউজ

সংসদের চলতি বাজেট অধিবেশনে মহিলা কোটা আইন সংক্রান্ত দুটি সংশোধনী বিল পেশের পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। লোকসভা ও বিধানসভা আসনগুলির সীমানা পুনর্বিন্যাসের আগেই এই আইন কার্যকর করতে তৎপর মোদী সরকার। এই প্রেক্ষাপটে সরকারের পরবর্তী পদক্ষেপ ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনার লক্ষ্যে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানিয়েছে বিরোধী শিবির।
সংসদীয় বিষয়কমন্ত্রী কিরেন রিজিজুকে লেখা এক চিঠিতে বিরোধীরা জানিয়েছেন, পদ্ধতিগত আলোচনার জন্য এই বৈঠক জরুরি। তবে ফলপ্রসূ আলোচনার স্বার্থে পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর অর্থাৎ ২৯ এপ্রিলের পর বৈঠকটি ডাকার অনুরোধ করা হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের লেটারহেডে পাঠানো এই চিঠিতে বিরোধী জোটের একাধিক শীর্ষ নেতার স্বাক্ষর রয়েছে।
মঙ্গলবার সকালে সংসদে বিরোধী দলগুলোর এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সমাজবাদী পার্টি, আপ, শিবসেনা (ইউবিটি), এনসিপি এবং বামপন্থীসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা এতে সংহতি জানালেও তাৎক্ষণিকভাবে তৃণমূল কংগ্রেসের কোনো স্বাক্ষর মেলেনি। বিরোধীরা মূলত ১০৬তম সংবিধান সংশোধনীর প্রস্তাবিত পরিবর্তনগুলো নিয়ে সরকারের কাছ থেকে লিখিত ও স্বচ্ছ ধারণা দাবি করেছেন।