মমতার বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণের অভিযোগ, কমিশনের কড়া নজর – বর্তমান নিউজ

নকশালবাড়ির এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছে, জনসভায় তৃণমূল নেত্রীর দেওয়া বিশেষ কিছু বার্তা উস্কানিমূলক এবং তা এলাকায় অশান্তি ছড়াতে পারে। এই প্রেক্ষিতে শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কর্মকর্তার কাছ থেকে ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছে দিল্লি।
নির্বাচন কমিশন সূত্রে খবর, জনসভার ভিডিও ফুটেজে এমন কিছু শব্দ ব্যবহারের ইঙ্গিত পাওয়া গেছে যা সরাসরি হুমকির শামিল। বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে দেওয়া তাঁর একটি বার্তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কেন এই ধরণের নিদান দেওয়া হলো। ইতিমদধ্যেই মুখ্যমন্ত্রীর সেই ভাষণের ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
রাজ্যে দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল ভোটগ্রহণ এবং ৪ মে ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনের প্রাক্কালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিশন বদ্ধপরিকর। এর আগে বাসন্তীর ঘটনার জেরে আইসি-কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। এবার খোদ মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে কমিশনের এই পদক্ষেপ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।