মধ্যমগ্রামে হোমের তালা ভেঙে পলাতক ৭ বাংলাদেশি-সহ ১০ আবাসিক উদ্ধার

মধ্যমগ্রামে হোমের তালা ভেঙে পলাতক ৭ বাংলাদেশি-সহ ১০ আবাসিক উদ্ধার

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোলতলায় সোমবার গভীর রাতে একটি মহিলা হোমের তালা ভেঙে ১০ জন আবাসিক পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পলাতকদের মধ্যে সাতজন বাংলাদেশি মহিলা, দুইজন নাবালিকা এবং একজন স্থানীয় বাসিন্দা ছিলেন। খবর পেয়ে মধ্যমগ্রাম থানার পুলিশ দ্রুত তল্লাশি অভিযান শুরু করে এবং রাতেই গঙ্গানগর কাটাখাল এলাকা থেকে তাঁদের সকলকে উদ্ধার করতে সক্ষম হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সোমবার রাত ১২টা নাগাদ আবাসিকরা গেটের তালা ভেঙে পালানোর চেষ্টা করলে নিরাপত্তা কর্মীরা বাধা দিলেও তা ব্যর্থ হয়। মূলত হোম কর্তৃপক্ষের পরিষেবা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় হোমের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

বারাসত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) দুর্বার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, হোম কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশি নজরদারিতে আবাসিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পালানোর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে উদ্ধারকৃতদের পুনরায় হোমে ফিরিয়ে আনা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *