মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইসলামাবাদের বড় পদক্ষেপ, পাকিস্তানে শুরু হচ্ছে হাই-প্রোফাইল কূটনৈতিক বৈঠক – বর্তমান নিউজ

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ থামাতে এবং আঞ্চলিক শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে পাকিস্তানে বসছে উচ্চপর্যায়ের এক আন্তর্জাতিক কূটনৈতিক বৈঠক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আহ্বানে আয়োজিত এই মধ্যস্থতা বৈঠকে যোগ দিতে রবিবারই ইসলামাবাদে পৌঁছাচ্ছেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীসহ শীর্ষ কূটনীতিকরা। পাক বিদেশমন্ত্রী ইশাক দারের নেতৃত্বে দুই দিনব্যাপী এই সম্মেলনে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে ইরান ও আমেরিকার মধ্যকার সংঘাত নিরসন।
দীর্ঘদিন ধরেই পাকিস্তান এই দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইতিবাচক ইঙ্গিতের পর এই বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে। শোনা যাচ্ছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এই শান্তি আলোচনায় যোগ দিতে পারেন। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। অন্যদিকে, ইরান এই আলোচনায় অংশগ্রহণ নিয়ে এখনো ধোঁয়াশা বজায় রেখেছে।
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি আমেরিকার প্রস্তাবগুলোকে ‘অবাস্তব’ বলে অভিহিত করে এই আলোচনার সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তেহরান স্পষ্ট জানিয়েছে, ফলপ্রসূ আলোচনার জন্য ওয়াশিংটনকে আরও প্রভাবশালী প্রতিনিধি পাঠাতে হবে। তা সত্ত্বেও পর্দার আড়ালে থাকা অভিজ্ঞ কূটনীতিকদের উপস্থিতিতে এই বৈঠক মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমাতে কতটা কার্যকর ভূমিকা নিতে পারে, এখন সেটাই দেখার বিষয়।