মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ এসি ও ফ্রিজের দাম বৃদ্ধির আশঙ্কায় সাধারণ মানুষ – বর্তমান নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে গৃহস্থালি ইলেকট্রনিক পণ্যের বাজারে। বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ অবরুদ্ধ থাকায় পণ্য পরিবহণ ও উৎপাদন খরচ একলাফে অনেকটা বেড়ে গিয়েছে। এর ফলে আসন্ন গরমের মরশুমে এসি এবং ফ্রিজের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে।
ভারত আমদানিনির্ভর দেশ হওয়ায় তেলের মূল্যবৃদ্ধি শিল্পক্ষেত্রে ব্যবহৃত প্লাস্টিক, তামা ও রাসায়নিকের খরচ বাড়িয়ে দিয়েছে। যুদ্ধের কারণে জাহাজ ভাড়া বৃদ্ধি এবং সেমিকন্ডাক্টর ও কম্প্রেসরের মতো জরুরি যন্ত্রাংশের সংকট দেখা দেওয়ায় উৎপাদনকারী সংস্থাগুলো দাম বাড়াতে বাধ্য হচ্ছে। এছাড়া ২০২৬ সালের নতুন স্টার রেটিং নীতি কার্যকর করতে গিয়ে উন্নত প্রযুক্তির ব্যবহারে খরচ আগে থেকেই ঊর্ধ্বমুখী ছিল।
বাজার বিশেষজ্ঞদের মতে, এই ভূ-রাজনৈতিক অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে মুদ্রাস্ফীতি আরও প্রকট হবে। বর্তমানে এসি ও ফ্রিজের দাম প্রায় ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা আগামী দিনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই সাধারণ মধ্যবিত্তের বাজেটে টান পড়ার আগেই প্রয়োজনীয় ইলেকট্রনিক পণ্য কিনে নেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।