মধ্যপ্রদেশে বাস ও পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষ: মৃত অন্তত ১০, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর – বর্তমান নিউজ

মধ্যপ্রদেশে বাস ও পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষ: মৃত অন্তত ১০, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর – বর্তমান নিউজ

মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার সিমারিয়া এলাকায় বৃহস্পতিবার রাতে একটি যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। জেলা শাসক হরেন্দ্র নারায়ণ জানান, প্রায় ৪৭ জন যাত্রী নিয়ে বাসটি মোহখেদ যাওয়ার পথে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ভ্যানটির সাথে ধাক্কা লাগে। দুর্ঘটনায় বাসের অধিকাংশ যাত্রীই আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

গুরুতর আহতদের স্থানীয় হাসপাতাল ও নাগপুর সরকারি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জব্বলপুর থেকে বিশেষ চিকিৎসক দল পাঠানো হয়েছে। প্রশাসন জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ শেষে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। এছাড়া জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাকেশ সিংকে পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *