মঙ্গলবার বঙ্গে তৃণমূলের হাইভোল্টেজ প্রচার: দক্ষিণে মমতা, উত্তরে মেজাজে অভিষেক – বর্তমান নিউজ

আজ মঙ্গলবার নির্বাচনী প্রচারে ঝড় তুলতে কোমর বেঁধে নামছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণবঙ্গের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ও গরবেতার পাশাপাশি বাঁকুড়ার বিষ্ণুপুরেও দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন। তৃণমূল সুপ্রিমোর এই ম্যারাথন সফরকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের মাটি কামড়ে পড়ে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তিনি উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় একাধিক কর্মসূচি পালন করবেন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে দু’টি জনসভার পাশাপাশি উত্তর দিনাজপুরের করণদিঘিতেও বিশাল নির্বাচনী সভা করার কথা রয়েছে তাঁর। ঘাসফুল শিবিরের দুই শীর্ষ নেতার এই দ্বিমুখী প্রচারে সরগরম রাজ্যের রাজনৈতিক ময়দান।
পাল্টা সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এগরার সভা থেকে তিনি চাঞ্চল্যকর দাবি করেছেন যে, তৃণমূলের কর্মীরাই এবার তাদের প্রার্থীকে হারাতে প্রস্তুত। শুভেন্দুর মতে, খোদ শাসকদলের নেতারাই দলের বিরুদ্ধে ক্ষুব্ধ। ভোটের মুখে এই রাজনৈতিক তরজা এবং কালবৈশাখীর আশঙ্কার মধ্যেই বঙ্গ রাজনীতির পারদ এখন তুঙ্গে।