ভোটের মুখে শিলিগুড়িতে নকল মদ তৈরির বিশাল সম্ভার উদ্ধার, সতর্ক নির্বাচন কমিশন – বর্তমান নিউজ

শিলিগুড়িতে আবগারি দপ্তরের অভিযানে প্রায় ৬৩ লক্ষ টাকার নকল মদ তৈরির কাঁচামাল ও সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ১৫৬০ লিটার ওপি স্পিরিট, নামী সংস্থার হাজার হাজার জাল লেবেল, নকল হোলোগ্রাম এবং বোতলের ঢাকনা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুষ্কৃতীদের এই বড়সড় পরিকল্পনা ভেস্তে দিয়েছেন আবগারি কর্মীরা।
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের প্রলুব্ধ করতেই এই বিপুল পরিমাণ জাল মদ তৈরির ছক কষা হয়েছিল। সাধারণ স্পিরিট দিয়ে মদ তৈরি করে তাতে নামী ব্র্যান্ডের লেবেল ও হোলোগ্রাম লাগিয়ে বাজারে ছাড়ার প্রস্তুতি চলছিল। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আবগারি দপ্তর নির্বাচন কমিশনকে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে।
কমিশন সূত্রে জানানো হয়েছে, এই ধরনের অবৈধ প্রচেষ্টা রুখতে নজরদারি আরও বাড়ানো হচ্ছে। নকল মদ জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ এবং এর ফলে প্রাণহানিও ঘটতে পারে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কমিশন বদ্ধপরিকর এবং ২৩ ও ২৯ এপ্রিলের ভোটগ্রহণের আগে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হচ্ছে।