ভোটের মুখে তিন জেলায় পুলিশ সুপার পদে রদবদল নবান্নর

ভোটের মুখে তিন জেলায় পুলিশ সুপার পদে রদবদল নবান্নর

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পুলিশি প্রশাসনে বড়সড় রদবদল আনল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্ন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আলিপুরদুয়ার, বসিরহাট ও জঙ্গিপুর পুলিশ জেলার সুপারদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে রাজ্য গোয়েন্দা বিভাগের (আইবি) এক পদস্থ আধিকারিককেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আলিপুরদুয়ারের এসপি খণ্ডবহালে উমেশ গণপতকে উত্তরবঙ্গ আইবি-র স্পেশাল সুপার করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন জঙ্গিপুরের এসপি অমিতকুমার সাউ। অন্যদিকে, বসিরহাটের এসপি হোসেন মেহেদি রহমানকে জঙ্গিপুরে পাঠানো হয়েছে এবং আরিশ বিলালকে বসিরহাটের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে যে সমস্ত আধিকারিকরা তিন বছরের বেশি সময় একই পদে বা নিজ জেলায় কর্মরত, মূলত তাঁদেরই এই রদবদলের আওতায় আনা হয়েছে। গত জানুয়ারি মাস থেকেই ধাপে ধাপে আইপিএস ও নিচুতলার পুলিশ আধিকারিকদের বদলি প্রক্রিয়া জারি রেখেছে রাজ্য প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *