ভোটের ময়দানে খেলার ছলে জনসংযোগ: ফুটবলে মাতলেন শাসক ও বিরোধী প্রার্থীরা – বর্তমান নিউজ

ভোটের ময়দানে খেলার ছলে জনসংযোগ: ফুটবলে মাতলেন শাসক ও বিরোধী প্রার্থীরা – বর্তমান নিউজ

দক্ষিণ ২৪ পরগনার নির্বাচনী প্রচারে রবিবার এক অনন্য ছবি ধরা পড়ল। ভোট প্রচারের ব্যস্ততার মাঝেই ছোটবেলার স্মৃতিতে ফিরে ফুটবল ও ক্রিকেটে মাতলেন বিভিন্ন শিবিরের প্রার্থীরা। বজবজের বিজেপি প্রার্থী চিকিৎসক তরুণ আদক ও রায়দিঘির তৃণমূল প্রার্থী তাপস মণ্ডলকে এদিন স্থানীয় কিশোর ও কর্মীদের সঙ্গে মাঠে নেমে ফুটবল খেলতে দেখা যায়। অন্যদিকে, বারুইপুর পূর্বের তৃণমূল প্রার্থী বিভাস সর্দার কচিকাঁচাদের সঙ্গে ক্রিকেট খেলে জনসংযোগ সারেন।

একই দিনে বারুইপুর পশ্চিমে প্রচার চলাকালীন মানবিকতার নজির গড়েন বিজেপি বিধায়ক বিশ্বজিৎ পাল। শাসনে পিকে ব্যানার্জি রোডে একটি টোটো উল্টে গেলে প্রচার থামিয়েই উদ্ধারকাজে এগিয়ে আসেন তিনি ও তাঁর দলের কর্মীরা। আহত যাত্রীদের দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তাঁরা। রাজনৈতিক লড়াইয়ের মাঝে এই সেবাধর্ম ও খেলার মেজাজ ভোটারদের নজর কেড়েছে।

বজবজে তৃণমূল প্রার্থী অশোক দেব পাড়ায় পাড়ায় বৈঠকি আড্ডায় মগ্ন ছিলেন, তো মহেশতলায় ভূমিপুত্র হিসেবে জোরদার প্রচার চালান তৃণমূল ও বিজেপির প্রার্থীরা। বামফ্রন্ট ও আইএসএফ প্রার্থীরাও পিছিয়ে ছিলেন না; সভা, পদযাত্রা ও রোড শো-র মাধ্যমে তাঁরা ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। সব মিলিয়ে রবিবাসরীয় প্রচারে দক্ষিণ ২৪ পরগনার প্রতিটি বিধানসভা কেন্দ্রেই ছিল উৎসবের আমেজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *