ভোটের ময়দানে আজ একা কুম্ভ অভিষেক, সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস – বর্তমান নিউজ

রাজ্য রাজনীতিতে আজ নজর কাড়ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ কোনো কর্মসূচি না থাকায় প্রচারের ব্যাটন সামলাবেন দলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’। আজ দিনভর ম্যারাথন কর্মসূচির তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের জনসভা। বিকেলে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে তাঁর হাইভোল্টেজ সভার মধ্য দিয়ে তৃণমূলের ঝোড়ো প্রচার শেষ হবে।
বিজেপিকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক জানিয়েছেন, বিজেপি শাসিত কোনো একটি রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চালু করে দেখালে তিনি রাজনীতি ত্যাগ করবেন। মূলত দলীয় প্রার্থীদের সমর্থনে আজ পরপর তিনটি সভা থেকে প্রতিপক্ষকে আক্রমণের রণকৌশল সাজিয়েছেন তিনি। তবে নেত্রীর বিশ্রাম ও অভিষেকের ব্যস্ততার মাঝেই রাজ্য রাজনীতিতে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিকে তপ্ত রাজনীতির আবহে স্বস্তির বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার পাশাপাশি দক্ষিণবঙ্গের ৭টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষেও দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী মাসের শুরু পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতেও দফায় দফায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।