ভোটের প্রচারে দেওয়াল লিখনের ধুম: নাওয়া-খাওয়া ভুলে ব্যস্ত শিল্পীরা – বর্তমান নিউজ

তফসিল ঘোষণার পর থেকেই নদীয়া জেলা জুড়ে ভোটযুদ্ধের দামামা বেজে গিয়েছে। রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচার শুরু করায় জেলাজুড়ে এখন দেওয়াল লিখনের ধুম। ফলে ব্যস্ততা তুঙ্গে উঠেছে স্থানীয় শিল্পীদের। সারা বছর কাজের অভাব থাকলেও পঞ্চায়েত বা লোকসভা ভোটের এই মরসুমে তাঁদের চাহিদা থাকে আকাশচুম্বী। তেহট্টের বিভিন্ন প্রান্তে দিনরাত এক করে তুলির টানে দলীয় প্রতীক ও স্লোগান ফুটিয়ে তুলছেন তাঁরা।
ব্যস্ততার মাঝে শিল্পী প্রশান্ত মণ্ডল ও সমর বিশ্বাস জানান, ডিজিটাল পোস্টার ও ফ্লেক্সের দাপটে আগের তুলনায় কাজ কমলেও ভোটের সময়টুকু তাঁদের আয়ের প্রধান উৎস। অনেক সময় পর্যাপ্ত আলোর অভাবে টর্চ বা মোবাইলের আলোতেই গভীর রাত পর্যন্ত কাজ সারতে হচ্ছে। পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক কিছুটা কম হলেও, সংসারের চাকা সচল রাখতে সব দলের হয়েই কাজ করছেন এই প্রান্তিক শিল্পীরা।
রাজনৈতিক দলগুলিও দেওয়ালে জনমত টানতে শিল্পীদের উপরেই ভরসা রাখছে। তৃণমূল কংগ্রেস ও সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ নজরকাড়া দেওয়ালগুলি শিল্পীদের দিয়েই লেখানো হচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি, সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পেশাদার শিল্পীদের রঙের সঠিক ব্যবহার অপরিহার্য। ফলে খাওয়া-দাওয়ার সময় না থাকলেও, দুই পয়সা বাড়তি উপার্জনের আশায় হাসিমুখে তুলি ধরছেন শিল্পীরা।