ভোটের আগে ফের উত্তপ্ত বঙ্গ রাজনীতি: শাহকে বিঁধে রণংদেহী মমতা – বর্তমান নিউজ

ভোটের আগে ফের উত্তপ্ত বঙ্গ রাজনীতি: শাহকে বিঁধে রণংদেহী মমতা – বর্তমান নিউজ

পুরুলিয়ার মানবাজারের জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম না করে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পায়ে চোট পাওয়া নিয়ে বিজেপির করা বিদ্রুপের জবাবে মুখ্যমন্ত্রী পালটা প্রশ্ন তোলেন, “আগের বার ইচ্ছাকৃতভাবে চোট দিয়েছিলে, এবার কি মারার পরিকল্পনা করছো?” তিনি সাফ জানান, শারীরিক অসুস্থতা নিয়ে কুৎসা করার আগে বিরোধীদের উচিত চিকিৎসকের রিপোর্ট দেখে নেওয়া। চক্রান্তকারীদের বিরুদ্ধে নিজেকে ‘আহত বাঘ’ হিসেবে উল্লেখ করে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

এদিন জঙ্গলমহলের প্রার্থীদের সমর্থনে প্রচার করতে গিয়ে মমতা স্পষ্ট জানান, ২৯৪টি আসনেই তিনি আসল প্রার্থী। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং জঙ্গলমহলে অশান্তি ফেরানোর চেষ্টার অভিযোগ তুলে তিনি দলীয় কর্মীদের বুথ পাহারা দেওয়ার নির্দেশ দেন। বিশেষ করে জনবিন্যাস বদল এবং তৃণমূলের বিরুদ্ধে আনা বিজেপির চার্জশিটকে ‘ভিত্তিহীন’ ও ‘মিথ্যাচার’ বলে উড়িয়ে দিয়ে তিনি নিজের সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন।

নির্বাচনী অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মুখ্যমন্ত্রী জানান, মা-বোনেরা আজীবন ‘লক্ষ্মীর ভান্ডার’ পাবেন এবং সকলের কাঁচা বাড়ি পাকা করে দেওয়া হবে। জঙ্গলমহলের অতীত অনাহারের স্মৃতি স্মরণ করিয়ে তিনি দাবি করেন, তাঁর সরকারই এই অঞ্চলে শান্তি ও অন্নসংস্থান নিশ্চিত করেছে। বিরোধীদের বহিরাগত ও চক্রান্তকারী আখ্যা দিয়ে মমতা বলেন, দিল্লির সব চক্রান্ত মানুষ ভোটবাক্সেই ব্যর্থ করে দেবেন এবং পুনরায় তৃণমূলই সরকার গড়বে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *