ভোটার নথি যাচাইয়ের চাপে বারাসত জেলা আদালতে বিচারপ্রক্রিয়া ব্যাহত

ভোটার নথি যাচাইয়ের চাপে বারাসত জেলা আদালতে বিচারপ্রক্রিয়া ব্যাহত

সুপ্রিম কোর্টের নির্দেশে ‘বিচারাধীন’ ভোটারদের নথি যাচাইয়ের গুরুদায়িত্ব আসায় বারাসত জেলা আদালতের স্বাভাবিক বিচারপ্রক্রিয়া বড়সড় ধাক্কা খেয়েছে। উত্তর ২৪ পরগনার ৩৩টি বিধানসভা কেন্দ্রের জন্য ৩৩ জন বিচারকের প্রয়োজন হলেও, বর্তমানে মাত্র ১৫ জন বিচারক এই কাজে যুক্ত রয়েছেন। এর ফলে ফৌজদারি ও দেওয়ানি মামলার শুনানি এবং সাক্ষ্যগ্রহণে ব্যাপক জট তৈরি হয়েছে। বিশেষত এডিজেএম কোর্টগুলির আটজন বিচারক এই প্রক্রিয়ায় ব্যস্ত থাকায় আইনি কার্যক্রম কার্যত থমকে গিয়েছে।

বর্তমানে জরুরি জামিনের আবেদন ছাড়া অধিকাংশ মামলার নিয়মিত শুনানি সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট আদালতের বিচারকরা ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত থাকায় বিচারপ্রার্থীরা মামলার অগ্রগতি ছাড়াই ফিরে যাচ্ছেন। আইনজীবীদের দাবি, পর্যাপ্ত বিচারকের অভাবে অন্যান্য আদালতের ওপর অতিরিক্ত চাপ বাড়ছে, যা সাধারণ মানুষের বিচার পাওয়ার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। জেলা আদালতের এই অচলাবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার বিচারপ্রার্থী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *