ভোটার নথি আপলোডে গাফিলতি: শাস্তির মুখে রাজ্যের ইআরও এবং এইআরওরা

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ পর্যায়ে থাকলেও ১ লক্ষ ১৪ হাজার ভোটারের নথি আপলোড না হওয়ায় তৈরি হয়েছে জটিলতা। এই গাফিলতির জেরে সংশ্লিষ্ট নির্বাচনী নিবন্ধন আধিকারিক (ইআরও) এবং সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের (এইআরও) শোকজ করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। কমিশন সূত্রে খবর, এই ভোটারদের মধ্যে ৪০ শতাংশ বৈধ হওয়া সত্ত্বেও নথিভুক্ত না হওয়ায় তাঁদের নাম চূড়ান্ত তালিকায় থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বকেয়া কাজ দ্রুত শেষ করতে ইআরও এবং এইআরও-দের ২১ ফেব্রুয়ারির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে তাঁদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ ও শাস্তির সুপারিশ করবে কমিশন। এদিকে, ১ কোটি ৫১ লক্ষের বেশি ‘আনম্যাপড’ তথ্যের মধ্যে প্রায় ২৭ লক্ষ নামের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে এই বিপুল কাজ সম্পন্ন করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কমিশন।
পরিস্থিতি মোকাবিলায় জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার। যদিও জেলা প্রশাসনগুলির পক্ষ থেকে এই বিলম্বের জন্য কমিশনের সফটওয়্যারকে দায়ী করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের লক্ষ্যমাত্রা থাকলেও, বর্তমান অচলাবস্থায় সেই সময়সীমা বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিএলও-দের মাধ্যমে পুনরায় ফর্ম-৬ পূরণের ব্যবস্থা করার পরিকল্পনাও নিয়েছে কমিশন।