ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে রণক্ষেত্র হাসনাবাদ, আগুন জ্বালিয়ে পথ অবরোধ – বর্তমান নিউজ

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে রণক্ষেত্র হাসনাবাদ, আগুন জ্বালিয়ে পথ অবরোধ – বর্তমান নিউজ

উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকের রাজাপুর এলাকায় ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ যাওয়ার অভিযোগে চরম উত্তেজনা ছড়িয়েছে। রাজাপুর এলাকার ২০৭ নম্বর বুথের মোট ১২৮৩ জন ভোটারের মধ্যে প্রায় ২৫৭ জনের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ বাসিন্দারা বসিরহাট-ন্যাজাট রোডের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন, যার ফলে ওই গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারীদের দাবি, ভোটার তালিকার এই ত্রুটি নিয়ে বারংবার বিএলও (BLO), ইআরও (ERO) এবং নির্বাচন দপ্তরের আধিকারিকদের দ্বারস্থ হলেও কোনো সদুত্তর মেলেনি। সরকারি স্তরে অসহযোগিতার অভিযোগ তুলেই তাঁরা এই চরম পথ বেছে নিয়েছেন। প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভকারীরা সাফ জানিয়েছেন যে, তাঁদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘক্ষণ ধরে অবরোধকারীদের বুঝিয়ে রাস্তা সচল করার চেষ্টা চালানো হলেও এলাকা এখনও থমথমে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো সমাধান সূত্র না মেলায় স্থানীয়রা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *